আলহামদুলিল্লাহ অপারেশন সফলভাবে হয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার ইছামতি হোসেনপুর গ্রামের একজন সাধারণ কৃষক ফজলু মিয়া । আট সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। দীর্ঘদিন ধরে একটি জটিল রোগে ভুগছিলেন। অর্থের অভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে পারছিলেন না। ধীরে ধীরে রোগটি আরও জটিল আকার ধারণ করে ক্যান্সারের দিকে অগ্রসর হচ্ছিল। অসহায় এই মানুষটির চোখে তখন ছিল শুধু অনিশ্চয়তা, আর পরিবারের চোখে ছিল প্রিয় মানুষটিকে হারানোর ভয়। ঠিক সেই সময় ফেসবুকে আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম দেখে তাজুল ইসলামের মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের অসহায়ত্বের কথা শুনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়। মহান আল্লাহর অশেষ রহমত এবং আমাদের প্রিয় সংগঠন আসকের সম্মানিত উপদেষ্টা ডাঃ মোঃ আলমগীর আদিল সামদানী স্যারের আন্তরিক সহযোগিতা ও দক্ষ চিকিৎসায় তাজুল ইসলামের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয় হলো মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ডাঃ আলমগীর আদিল সামদানী স্যার অপারেশনের জন্য কোনো ধরনের সম্মানী গ্রহণ করেননি। আর রোগীর যাতায়াত, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহনের সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন। এর জন্য আমি মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। সত্যি বলতে, মানুষের জন্য কাজ করার ইচ্ছা আমার অনেক। কিন্তু সামর্থ্য খুবই সীমিত। আমি কোনো বিত্তশালী মানুষ নই, একজন সাধারণ মধ্যবিত্ত। তবুও যখন দেখি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় একটি পরিবারে আবার হাসি ফিরে আসে, তখন মনে হয় এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।
আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, যেন জীবনের বাকি সময়টুকু এভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শক্তি, সাহস ও সামর্থ্য আল্লাহ আমাকে দান করেন। কারণ, মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় ইবাদত আর খুব কমই আছে।
